ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বিক্ষোভ-বোমা হামলার মামলায় আ’লীগের প্রয়াত চার নেতার নাম, বিএনপির ৬

জাতীয় ছাত্রশক্তি সেই মারজুক আবার আলোচনায়

বিক্ষোভ-বোমা হামলার মামলায় আ’লীগের প্রয়াত চার নেতার নাম, বিএনপির ৬
×

ছবি: সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ০৪:২১ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ০৪:২৫

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েক বছর আগে প্রয়াত চার নেতার বিরুদ্ধে গত মাসে বিক্ষোভে অংশগ্রহণ ও বোমা বিস্ফোরণের অভিযোগ তুলে মামলার আবেদন করেছেন জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মারজুক আবদুল্লাহ। পুলিশ বলছে, গত মাসে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। 

মারজুক গত বৃহস্পতিবার বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই নালিশি মামলার আবেদন করেন। এতে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের ২৪৮ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়া বিএনপিপন্থি কয়েকজন সাবেক কাউন্সিলরের নামও রয়েছে আসামির তালিকায়। প্রধান আসামি করা হয়েছে সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে। 

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজমুদার জানিয়েছেন, নালিশি মামলায় অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইন, হত্যার হুমকিসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। বিচারক এসএম শরীয়ত উল্লাহ অভিযোগ আমলে নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন উপকমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। 

জানা গেছে, আসামিদের মধ্যে ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার রেজাউর রহমান রেজা ২০২২ সালের ২২ জানুয়ারি, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আলী হাওলাদার ২০২১ সালের ২৬ জুলাই, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল ফারুক হোসেন ২০২৩ সালের ২৫ মার্চ এবং ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ রশিদ শিবলী ২০২১ সালের ১৯ অক্টোবর মারা গেছেন। অন্য আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য (এমপি) জেবুন্নেচ্ছা আফরোজ এক বছরের বেশি সময় ধরে কারাবন্দি।

এ মামলায় বিএনপিপন্থি সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কমিশনার রাশিদা পারভীন, মাজিদা বোরহান, সেলিনা আক্তার, ৪ নম্বর ওয়ার্ডের মো. ইউনুস মিয়া, ১৮ নম্বর ওয়ার্ডের জিয়াউল হক মাসুমসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। 

সেলিনা আক্তার বলেন, ‘আমি জুলাই আন্দোলনে প্রতিটি মিছিলে ছিলাম। আমরা প্রত্যেকটা কাউন্সিলর বিএনপি করি। ষড়যন্ত্র করে আমাদের আসামি করা হয়েছে। বিষয়টি দলের হাইকমান্ডকে জানিয়েছি।’ 

মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জানান, মারজুক এর আগে একটি মামলা করে বাণিজ্য করেছেন। একই উদ্দেশ্যে দুই দিন আগে আরেকটি মামলা করেছেন। তারা বিষয়টি দলীয়ভাবে দেখবেন। 

আত্মগোপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা জানিয়েছেন, মামলা দায়েরের আগে মারজুক অনেকের সঙ্গে যোগাযোগ করে টাকা দাবি করেছেন। যারা টাকা দেননি, তাদের আসামি করা হয়েছে। 

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা ১০ জুন বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরের গড়িয়ার পাড় এলাকায় ধারালো অস্ত্র ও লাঠিসোটা হাতে নিয়ে আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছেন। তারা সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন। ১৬ জুন সন্ধ্যা ৭টায় ২৭ নম্বর ওয়ার্ডের ভাঙ্গার পুল এলাকায় আসামিরা একই ঘটনা ঘটান। ২২ জুন সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মৃত্তিকা গবেষণাগার ভবনের সামনে বিক্ষোভের চেষ্টা করেন আসামিরা। প্রতিটি ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাদী মারজুক ও মামলার সাক্ষীরা প্রতিরোধের চেষ্টা করেন। আসামিদের হামলায় মারজুক আহতও হয়েছেন। 

অভিযোগ অনুযায়ী, ওই তিনটি ঘটনাই বিমানবন্দর থানা এলাকার মধ্যে ঘটেছে। তবে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আইচ বলেছেন, তাঁর থানা এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। 

প্রয়াত নেতারা কীভাবে বিক্ষোভ করেছেন এবং বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন– জানতে চাইলে মারজুক সাংবাদিকদের বলেন, রেজার নামটি সাক্ষীদের ভুলের কারণে হয়েছে। অন্য তিনজনের বিষয়ে তিনি কিছু জানেন না। 

মহানগর আদালতের অতিরিক্ত পিপি হাফিজ আহমেদ বাবলু বলেন, ‘এ মামলা দায়েরের বিষয়ে আমরা পিপি হয়েও কিছু জানতে পারিনি।’ 

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, মামলাটিতে যেসব অভিযোগ করা হয়েছে, বরিশাল মহানগরে জুন মাসে এমন কোনো ঘটনা ঘটেনি। যেহেতু আদালত তদন্ত প্রতিবেদন চেয়েছেন, পুলিশ আদালতে প্রতিবেদন দেবে। 

গত বছরের ১৪ মে মারজুক আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ২৪৭ জনের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। জুলাই আন্দোলনের সময়ে হামলায় তিনি আহত হওয়ার অভিযোগে মামলাটি করেন। তবে এ মামলা দায়েরের পরপরই তাঁর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়কের পদ স্থগিত করা হয়। একই বছরের ১৮ জুন তাঁকে পেশাদার ডাকাত উল্লেখ করে ডাকাতি প্রস্তুতির মামলা হয় দুমকী থানায়।

আরও পড়ুন

×