৪ মাস পর ফের চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট
ম্যানচেস্টার থেকে বিমানের সরাসরি ফ্লাইটে আসা যাত্রীদের ফুল দিয়ে জানান মন্ত্রীরা। ছবি: সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১৭:৪৪ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ১৭:৪৬
প্রায় চার মাস পর আবার চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দাবির প্রেক্ষিতে এ ফ্লাইট শুরু হয়। গতকাল শনিবার সিলেট থেকে ১৯২ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট সিলেট ছাড়ে।
আজ রোববার দুপুরে ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট (বিজি ২০৮) আবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তখন তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।
পরে ব্রিফিংকালে আফরোজা খানম রিতা বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সেবার মান উন্নয়ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। একই সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া সহনীয় পর্যায়ে আনতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। ম্যানচেস্টার রুটে ফ্লাইটের ধারাবাহিকতা বজায় রাখতে ইতোমধ্যে বিমান লিজ (উড়োজাহাজ ভাড়া) নেওয়ার প্রক্রিয়া চলছে, যার ফলে ভবিষ্যতে এই ফ্লাইট বন্ধ হওয়ার আর কোনো আশঙ্কা থাকবে না।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেটকে দেশের একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র বা ‘হাব’ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। শুধুমাত্র বিমান যাত্রী আনা-নেওয়াই নয়, বরং এই অঞ্চলের পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে।
ম্যানচেস্টার থেকে বিমানে আসা যাত্রীদের মধ্যে ২২৭ জন সিলেটে নামেন। পরে ৪১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়ে বিমানটি। বেলা পৌনে ২টার দিকে ঢাকায় অবতরণ করে।
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালুর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গত ৪ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দিয়েছিলেন, সরকার গঠন করলে এই রুটটি পুনরায় চালু করা হবে। নতুন সরকার গঠনের চার মাসের মাথায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।
দীর্ঘদিন পর সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু হলেও কয়েক মাসের মাথায় হজ ফ্লাইটের অজুহাতে গত ১ মার্চ তা বন্ধ ঘোষণা করা হয়। ১২৬ দিনের মাথায় আবার শুরু হয় ওই রুটের ফ্লাইট। সরাসরি ম্যানচেস্টার থেকে আজ রোববার সিলেট পৌঁছে বিমানের ফ্লাইটটি।
- বিষয় :
- সিলেট
- বিমান
- ফ্লাইট
- ফ্লাইট শুরু
- ফ্লাইট চালু
