ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

পদ্মা নদীর তড়িয়া মহলের খাজনা তোলাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে গুলি  

পদ্মা নদীর তড়িয়া মহলের খাজনা তোলাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে গুলি  
×

গুলিবিদ্ধ নাসিরুল বিশ্বাস। ছবি-সমকাল

ভেড়ামারা (কুষ্টিয়া), প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ০১:০০

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তড়িয়া মহলের খাজনার টাকা তোলাকে কেন্দ্র করে বালু ব্যবসায়ী নাসিরুল বিশ্বাস (৪০) গুলিবিদ্ধ হয়েছে। তিনি বাহিরচর ইউনিয়নের মৃত আবু এসপির ছেলে। 

রোববার বিকেল ছয়টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পুরাতন ফেরিঘাট মনিপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বালু ব্যবসায়ীরা জানান, রোববার বিকেল ছয়টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পুরাতন ফেরিঘাট মনিপার্ক এলাকায় মুখোশধারী একটি গ্রুপ এসে তড়িয়া মহলের খাজনার টাকা দাবি করে। সেসময় বালু ব্যবসায়ী আলম জানায়, তিনি অন্য আরেকটি গ্রুপকে খাজনার টাকা দিয়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে তারা যেন কোনো ঝামেলা না করে নিজেদের মধ্যে আপস মীমাংসা করেন। আলম আরও জানায়, মুখোশধারী গ্রুপের সাথে অপর গ্রুপের সদস্য নাসিরুল বিশ্বাস ও রাজ্জাক নামের দুজন তর্কে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর দু'গ্রুপের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। নাসিরুল দৌড় দিলে মুখোশধারীরা পেছন থেকে গুলি করে। একটি গুলি তার পায়ে এবং অপরটি পিঠে গিয়ে লাগে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। 

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তার কল্লোল সাহা জানান, গুলিবিদ্ধ নাসিরুলের পায়ের গুলিটি বের করা সম্ভব হলেও পিঠের গুলিটি বের করা যায়নি। উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষ অবস্থায় তাকে রেফার্ড করা হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, তড়িয়া মহলের খাজনাকে কেন্দ্র করে বালু ব্যবসায়ী নাসিরুল গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ আসলে মামলা নেওয়া হবে।

আরও পড়ুন

×