ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ায় পরিচালনা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
ফাইল ছবি
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ০২:২৪
ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় বাতিল করা হয়েছে পরীক্ষা পরিচালনা কেন্দ্র কমিটি। দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব অধ্যাপক শওকত আলম মীরকে শোকজ করা হয়েছে। ঘটনা তদন্তে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সিরাজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।
এর আগে গত শনিবার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের একটি কক্ষের ১০০ শিক্ষার্থীর এইচএসসির বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা নেওয়া হয় ভুল প্রশ্নপত্রে। তাদের পরীক্ষা নেওয়ার কথা ২০২৬ সালের প্রশ্নপত্রে, কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে ২০২৫ সালের প্রশ্নপত্রে। ভুক্তভোগী পরীক্ষার্থীরা জামালপুর শহরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।
ঘটনা জানতে পেরে শনিবার রাতেই পরীক্ষা কেন্দ্রে ছুটে আসেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি কেন্দ্র সচিব ও সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষসহ পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন। সাংবাদিকদের তিনি জানান, অল্প সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমার পাশাপাশি ভুক্তভোগী পরীক্ষার্থীরা যাতে কোনো সমস্যার মুখোমুখি না হয় সে জন্য পদক্ষেপ নেবে বোর্ড কর্তৃপক্ষ।
