‘শহীদ আবু সাঈদ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১০:১৬
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়। রোববার সকালে টুর্নামেন্ট উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম।
শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আহ্বায়ক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন।
উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “এবারের আসরে ছেলেদের ২২টি বিভাগ এবং মেয়েদের ৪টি বিভাগের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। শহীদ আবু সাঈদকে বুকে ধারণ করে সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করব এটাই প্রত্যাশা।”
আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার ভাইয়ের স্মরণে টুর্নামেন্টের আয়োজন করছে। এ উদ্যোগকে স্বাগত জানাই। আবু সাঈদসহ সব শহীদের নাম যুগে যুগে স্মরণ করা হবে, এটাই প্রত্যাশা।”
প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘২৪-এর গণআন্দোলনে শহীদ ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাই। এতদিন আমাদের বিশ্ববিদ্যালয়ে সব ধরনের টুর্নামেন্ট বন্ধ ছিল। উপাচার্য স্যারের হস্তক্ষেপে আমরা ফের টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি।’
- বিষয় :
- বেরোবি
