বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের চেষ্টা করা হবে: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি- সমকাল
রাবি সংবাদদাতা
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৮:৫৮
বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, বড়কুঠি রাজশাহী অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী নিদর্শন। এখান থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে সেটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে। আমরা বড়কুঠিকে আবারও বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার চেষ্টা করব।
সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পারিবারিক ফান্ড থেকে ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়ে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করেন। আমার বাবা ফয়েজ রহমানের নামে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা দেব। এই টাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পেছনে ব্যয় করার অনুরোধ করব।
আবাসন সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, উপাচার্য মহোদয় আমার কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি তুলে ধরেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও শিক্ষামন্ত্রীও রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আন্তরিক। আশা করি, বিশ্ববিদ্যালয়ের হল, একাডেমিক ভবনসহ সব সংকট দ্রুত নিরসন হবে। খুব শীঘ্রই এসব বিষয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বিভিন্ন দাবি তুলে ধরেন। এসময় তিনি বলেন, আমাদের এখানে শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে আবাসন সুবিধা বৃদ্ধি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। আমরা এ বিষয়ে রাসিক প্রশাসন ও সরকারের কাছে সহযোগিতা কামনা করি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, রাজশাহী-৩ আসনের সাংসদ মো. শফিকুল হক মিলন, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
- বিষয় :
- ভূমিমন্ত্রী
- রাজশাহী বিশ্ববিদ্যালয়