ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

গাজীপুরে ঘুষের বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

গাজীপুরে ঘুষের বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার
×

ফাইল ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ২০:৫০

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের এক নেতাকে আটকের পর ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে এসআই কামরুল হাসানকে কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার বিকেলে তাঁকে প্রত্যাহার করে রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

স্থানীয় সূত্র জানা যায়, গত ২২ জুন রাত সাড়ে ১১টার দিকে প্রতাবপুর এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মতিন মিয়াকে আটক করেন এসআই কামরুল হাসান ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। পরে মতিনের পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরদিন ২৩ জুন সকালে মতিন আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় পুলিশের কাছে মতিন মিয়ার বাড়ির অবস্থান দেখিয়ে দেওয়ার অভিযোগে স্থানীয় মুদি দোকানি নূর মোহাম্মদকে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে। তিনি থানায় লিখিত অভিযোগ দিয়ে জানান, পুলিশ তাঁর কাছে মতিনের বাড়ির ঠিকানা জানতে চাইলে তিনি তা দেখিয়ে দেন। পরে মতিনের ভাই মো. আলম তাঁর দোকানে এসে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন।

কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের মো. আল আমিন বলেন, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের কিছু সত্যতা পাওয়ায় এসআই কামরুল হাসানকে কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করে জিএমপি হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×