বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে
মেস খোঁজার ভোগান্তি কমাতে ‘ঘরবাড়ি’ অ্যাপ
আবু পলাশ
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৭:৫৬
| প্রিন্ট সংস্করণ
বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া কিংবা আবাসন পরিবর্তন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের অন্যতম বড় ভোগান্তি উপযুক্ত মেস বা বাসা খুঁজে পাওয়া। সেই সমস্যা দূর করতে ‘ঘরবাড়ি’ (GhorBari) নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের ১৪তম আবর্তনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আবু পলাশ।
অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই বিভিন্ন মেস, বাসা ও হোটেলের খালি সিটের তথ্য জানতে পারবেন। একই সঙ্গে মেস মালিক বা মেস মনিটররাও নিজেদের মেসের খালি সিটের তথ্য অ্যাপে যুক্ত করতে পারবেন। ফলে আবাসন খুঁজতে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া বা বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর প্রয়োজন অনেকটাই কমবে।
অ্যাপটির নির্মাতা আবু পলাশ বলেন, ‘মূলত নতুন শিক্ষার্থীদের আবাসন খোঁজার ভোগান্তি কমানোর লক্ষ্যেই ‘ঘরবাড়ি’ অ্যাপটি তৈরি করেছি। বিশেষ করে বর্ষাকালে অনেক শিক্ষার্থীকে দীর্ঘ সময় ধরে মেস বা বাসা খুঁজতে হয়। তাদের জন্য সহজ একটি সমাধান তৈরি করতেই এই উদ্যোগ।’ তিনি জানান, অ্যাপটি তৈরিতে তিনি তাঁর বিভাগের সিনিয়র শিক্ষার্থী রনি ভাইয়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন। এর আগে তিনি ‘মেস ব্যবস্থাপনা’ নামে একটি অ্যাপ তৈরি করেছিলেন।
আবু পলাশ আরও বলেন, ‘বর্তমানে ‘ঘরবাড়ি’ অ্যাপটি গুগল প্লে স্টোরে উন্মুক্ত রয়েছে। এটি প্রকাশ করতে প্রায় ৩৫ মার্কিন ডলার ব্যয় হয়েছে। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সম্পূর্ণ বিনামূল্যে সেবাটি দেওয়া হচ্ছে। এখানে যে কেউ নিজের মেস বা বাসার খালি সিটের তথ্য আপলোড করতে পারবেন। ফলে আবাসন খুঁজছেন এমন শিক্ষার্থীরা দ্রুত নির্ভরযোগ্য তথ্য পাবেন।’ তিনি বলেন, ‘যত বেশি মেস ও বাসার তথ্য যুক্ত হবে, তত বেশি শিক্ষার্থী উপকৃত হবে। ভবিষ্যতে এটিকে শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত আবাসন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।’
ইতোমধ্যে ‘GhorBari’ নামে অ্যাপটি গুগল প্লে স্টোরে প্রকাশ করা হয়েছে।
- বিষয় :
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়