১১ জেলে নিয়ে সাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৬
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৮:৩৬
| প্রিন্ট সংস্করণ
বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলার উল্টে ৬ জেলে নিখোঁজ হয়েছেন। গত রোববার রাত ৯টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। তীব্র স্রোত ও ঢেউয়ে ট্রলারটি ডুবে যাওয়ার পর অন্য একটি ট্রলারের জেলেরা পাঁচজনকে উদ্ধার করেছেন। তারা সবাই প্রায় ৬ ঘণ্টা ধরে বয়া ও উল্টে যাওয়া ট্রলার ধরে ভেসেছিলেন।
উদ্ধার জেলেদের মধ্যে বাইজিদ (৩০) গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাইজিদের ভাষ্য, উপজেলার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মাছ ধরার ট্রলারে করে তারা ১১ জন গত শনিবার রাতে সাগরে যান। গত রোববার রাত ৯টায় সাগরের তীব্র স্রোত ও ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় তিনি, ট্রলার মালিক ইমাদুল সিকদার (৪০), নাজমুল (৩০), রাকিব (২২) ও সজিব (২৫) বয়া ও উল্টে যাওয়ার ট্রলার ধরে ভাসতে থাকেন। রাত তিনটার দিকে একই এলাকার ইমাম সিকদারের ট্রলার তাদের উদ্ধার করেন।
বাইজিদের দেওয়া তথ্যমতে, ট্রলারে থাকা অন্য ৬ জেলে নিখোঁজ আছেন। তারা হলেন পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ইমাদুল খাঁ (৪৫), খরিদা গ্রামের হারুন (৬০), গজালিয়া ইউনিয়নের আদানী গ্রামের ফোরকান (৪৫), সায়েদ (২০) ও আলামিন (৪০) এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আক্কাস (২৫)।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মো. ইজাজুল হক গতকাল সোমবার বলেন, ট্রলারডুবির খবর পেয়ে তিনি কলাপাড়া ও রাঙ্গাবালীর ইউএনওদের সঙ্গে যোগাযোগ করেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ শুরু করেছে কলাপাড়া কোস্টগার্ড।
- বিষয় :
- ট্রলারডুবি