ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

রাঙামাটিতে পাহাড় থেকে গাছের গুঁড়ি পড়ে এক ব্যক্তির মৃত্যু

রাঙামাটিতে পাহাড় থেকে গাছের গুঁড়ি পড়ে এক ব্যক্তির মৃত্যু
×

প্রতীকী ছবি

রাঙামাটি অফিস

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১২:৫৫ | আপডেট: ০৭ জুলাই ২০২৬ | ১৩:৩৭

রাঙামাটির বাঘাইছড়িতে টানা বৃষ্টির মধ্যে পাহাড়ের ওপর থেকে গাছের গুঁড়ি গড়িয়ে পড়ে লক্ষী বিলাস চাকমা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ঢাল নরম হয়ে যায়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের পানির নালা পরিষ্কার করার সময় পাহাড়ের ওপর থেকে বৃষ্টির পানির সঙ্গে একটি বড় গাছের গুঁড়ি নিচে নেমে এসে লক্ষী বিলাস চাকমার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত লক্ষী বিলাশ চাকমার বড় ভাই বিমলেন্দু  চাকমা জানান, রাতে বৃষ্টিপাতের ফলে বসত ঘরের পাশের অংশে মাটি ধসে পড়ে। লক্ষী বিলাশ চাকমা ধসে পড়া মাটি সরাতে গেলে পুনরায় উপর থেকে গাছের গুঁড়িসহ মাটি ধসে পড়ে চাপা পড়ায়  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গাছ ও মাটি সরিয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, এটি পাহাড়ধসের ঘটনা নয়। টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় পাহাড়ের ওপর থাকা একটি কাটা গাছের গুঁড়ি নিচে নেমে এসে ওই ব্যক্তির গায়ে পড়ে। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

তিনি আরেও জানান, ওই এলাকায় পাহাড়ের ওপর বসবাস করা দুটি পরিবারকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানাে হয়েছে।

এদিকে টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। রাঙামাটি জেলায় ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে রাঙামাটি পৌর এলাকায় রয়েছে ১১টি আশ্রয়কেন্দ্র।  

আরও পড়ুন

×