ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

উদ্ধার হওয়া লজ্জাবতী বানর বনে অবমুক্ত

উদ্ধার হওয়া লজ্জাবতী বানর বনে অবমুক্ত
×

লোকালয় থেকে উদ্ধার করা লজ্জাবতী বানর প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। ছবি- সমকাল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০৩:৪৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে আন্তর্জাতিকভাবে বিপন্ন প্রজাতির তালিকাবদ্ধ একটি লজ্জাবতী বানর। পরে বানরটির সুস্থতা নিশ্চিত হয়ে সেটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার আলীনগর চা বাগান এলাকা-সংলগ্ন বনাঞ্চলে বানরটি অবমুক্ত করে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে বানরটি কমলগঞ্জ উপজেলার হালিমা বাজার এলাকায় চলে আসে। পরে সেখানকার বাসিন্দাদের সহায়তায় এই লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর পরই এটিকে রাজকান্দি রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।

পরে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরিচর্যার জন্য জার্মানিভিত্তিক বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা প্লাম্পলোরিসের সহযোগিতা নেওয়া হয়। নিবিড় পর্যবেক্ষণে প্রাণীটি সম্পূর্ণ সুস্থ এবং বনে অবমুক্তর উপযোগী প্রমাণিত হলে সেটিকে অবমুক্ত করার সিদ্ধান্ত হয়।

রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া জানান, লজ্জাবতী বানর একটি অতি লাজুক ও নিশাচর প্রাণী। এখানকার বনাঞ্চল থেকে এরা ক্রমশ হারিয়ে যাচ্ছে। উদ্ধারকৃত প্রাণীটি সুস্থ থাকায় এর উপযোগী প্রাকৃতিক পরিবেশ বিবেচনা করে আলীনগর চা বাগান এলাকায় অবমুক্ত করা হয়েছে। এ ধরনের বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।

স্থানীয় পরিবেশবাদীরা জানান, বন উজাড় ও আবাসস্থল ধ্বংসের কারণে এই বিরল প্রজাতির নিশাচর প্রাণীগুলো মাঝেমধ্যে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। এদের সুরক্ষায় প্রাকৃতিক বন টিকিয়ে রাখা জরুরি। অবমুক্তকরণের সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×