রেললাইনে ২০ ইঞ্চি পানি, ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা বাতিল
ছবি- সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০৪:০৪ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ০৪:০৬
টানা ভারী বর্ষণে চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইন প্রায় ২০ ইঞ্চি পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তঃনগর ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ট্রেনটির যাত্রা বাতিলের ঘোষণা দেওয়া হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়ার ঘোষণা দিলেও যাত্রীদের থাকা-খাওয়ার কোনো ব্যবস্থা না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অনেকের অভিযোগ, যাত্রা বাতিলের সিদ্ধান্ত আরও আগে জানানো হলে বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। নারী ও শিশুদের নিয়ে মধ্যরাতে বিপাকে পড়েন অনেকে।
সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেসের দুপুর ২টা ৪০ মিনিটে কক্সবাজার পৌঁছানোর কথা ছিল। তবে টানা বৃষ্টিতে ষোলশহর এলাকায় রেললাইনে পানি উঠে গেলে ট্রেনটি আটকে পড়ে। পরে বিকেলে ট্রেনটি ষোলশহর স্টেশনে এবং রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফিরিয়ে আনা হয়। শেষ পর্যন্ত মধ্যরাতে যাত্রা বাতিল ঘোষণা করা হয়।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ বলেন, ‘রেললাইন এখনো পানির নিচে রয়েছে। লাইনের ওপর প্রায় ২০ ইঞ্চি পানি জমে আছে। পানি অন্তত ৬ ইঞ্চিতে না নামলে ইঞ্জিন চালানো সম্ভব নয়। সন্ধ্যায় পানি কিছুটা কমলেও রাতে আবার বৃষ্টি বেড়ে যাওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। সবদিক বিবেচনা করেই ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীদের টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।’
যাত্রা বাতিলের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে যাত্রী ইমামুল হাসান বলেন, ‘পরিবারের ছয় সদস্যকে নিয়ে কক্সবাজার যেতে চেয়েছিলাম। কিন্তু জীবনের এক কঠিন দিন পার করলাম। মধ্যরাতে এসে শুনলাম যাত্রা বাতিল। নারী ও শিশুদের নিয়ে এত রাতে কোথায় যাব? রেলওয়ে এই সিদ্ধান্ত কেন আরও আগে জানালো না আমাদের?’