বন্দর রক্ষা কমিটির বৈঠক
নিউমুরিং-চিটাগাং টার্মিনাল ইজারা প্রতিহতের ঘোষণা
ছবি- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০৫:১০
যে কোনো মূল্যে এবার নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ইজারা ঠেকানো হবে বলে ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে হোটেল সৈকতে ‘চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি ইজারা : বাংলাদেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকরা এই ঘোষণা দেন।
‘লাভজনক এনসিটি’ কেন বিদেশিদের ইজারা দেওয়া হচ্ছে তা নিয়ে বৈঠকে প্রশ্ন তোলেন সংগঠনের সদস্য সচিব ফজলুল কবির মিন্টু। তিনি বলেন, ‘বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কনসেশন চুক্তির মেয়াদ, আর্থিক কাঠামো, রাজস্ব বণ্টন, দায়বদ্ধতা এবং জাতীয় স্বার্থ সুরক্ষার শর্তাবলি এখনও জনগণের সামনে প্রকাশ করা হয়নি। রাষ্ট্রীয় সম্পদের বিষয়ে গোপনীয়তার কোনো সুযোগ নেই।’
সভায় কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত জাতীয় সম্পদ নিয়ে আবেগ বা তড়িঘড়ি সিদ্ধান্ত নয়; আগামী ৫০ বছর দেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থে এর প্রভাব কী হবে, তা গভীরভাবে মূল্যায়ন করেই সিদ্ধান্ত নিতে হবে।’
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘জনমতের বিরুদ্ধে গিয়ে এনসিটি-সিসিটি ইজারা দেওয়ার ষড়যন্ত্রে যারা জড়িত, তারা যেন অতীতের রাজনৈতিক পরিণতি থেকে শিক্ষা নেয়।’ বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, ‘এনসিটি ও সিসিটির দীর্ঘমেয়াদি পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা শুধু অর্থনৈতিক নয়, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গেও জড়িত।’
বৈঠকে আরও বক্তব্য রাখেন প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া, সিপিবির সাবেক সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ. এম. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, কমরেড অশোক সাহা, ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, সিনিয়র সাংবাদিক জসিম চৌধুরী সবুজ।