ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

লাউয়াছড়ায় পানির সংকট লোকালয়ে ছুটছে বন্যপ্রাণী

লাউয়াছড়ায় পানির সংকট লোকালয়ে ছুটছে বন্যপ্রাণী
×

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০৮:৩৫

| প্রিন্ট সংস্করণ

তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য। প্রচণ্ড গরমে বনের ভেতরের প্রাকৃতিক ছড়া ও জলাশয়গুলো শুকিয়ে যাওয়ায় সুপেয় পানির তীব্র সংকটে পড়েছে বন্যপ্রাণীরা।

স্থানীয়রা জানান, পানির খোঁজে অনেক বন্যপ্রাণী  লোকালয়ে চলে আসছে। তৃষ্ণায় তারা হিংস্র আচরণ করছে বলে জানা গেছে; যা স্থানীয় বাসিন্দাদের জন্য আতঙ্কের।
সরেজমিনে লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে দেখা গেছে, বনের ভেতর বয়ে যাওয়া ছোট-বড় ছড়াগুলোর পানি শুকিয়ে তলানিতে ঠেকেছে। বন্যপ্রাণীদের সুপেয় পানির প্রধান উৎস ছিল এই ছড়াগুলো। পানি না পেয়ে বনের বানর, হনুমান, চশমাধারী হনুমান, মায়া হরিণ ও বিভিন্ন প্রজাতির পাখি গুরুতর পানি সংকটে পড়েছে।

এদিকে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে একটু শীতল পরিবেশের খোঁজে অনেক বন্যপ্রাণীকে বন ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায়। বনপ্রহরী ও স্থানীয়রা জানান, অনেক তৃষ্ণার্ত প্রাণী পানির খোঁজে মহাসড়ক ও রেললাইন অতিক্রম করে লোকালয়ে যাচ্ছে; যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে বন্যপ্রাণীগুলোর সড়ক দুর্ঘটনায় মৃত্যু এবং শিকারিদের হাতে ধরা পড়ার আশঙ্কা বেড়ে গেছে।
পরিবেশবাদী সংগঠনগুলোর মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে লাউয়াছড়ার মতো রেইনফরেস্টেও এখন তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। বনের ভেতরে প্রাকৃতিকভাবে পানি ধরে রাখার ব্যবস্থা কমে যাওয়া এবং ছড়াগুলোয় পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। দ্রুত বনের ভেতরে কৃত্রিম জলাশয় তৈরি বা বন্যপ্রাণীদের জন্য পানির বিকল্প ব্যবস্থা না করলে অনেক বিরল প্রজাতির প্রাণী পানিশূন্যতা (ডিহাইড্রেশন) ও হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বিলুপ্ত হতে পারে।
এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী মো. নাজমুল হক উৎকণ্ঠা প্রকাশ করলেও নিজেদের তৎপরতার কথা জানিয়ে বলেন, বনের পানির উৎসগুলো শুকিয়ে গেছে। ‘বন্যপ্রাণীদের পানি না পাওয়ার কষ্ট লাঘব করতে বন বিভাগের পক্ষ থেকে বনের বিভিন্ন পয়েন্টে পুকুর খনন ও ভরাট হওয়া ছড়াগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। 

আরও পড়ুন

×