ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

ময়মনসিংহ

ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর সড়ক ও বসতবাড়ি

ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর সড়ক ও বসতবাড়ি
×

ময়মনসিংহ নগরীর ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি ।ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৩:৪১ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ১৩:৫১

ময়মনসিংহ নগরীর অধিকাংশ সড়ক, নিচু এলাকা ও বসতবাড়ি ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও অপরিকল্পিত নগরায়ণের কারণে প্রতি বর্ষাতেই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি চলতি বছরে জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত।

সরেজমিনে দেখা যায়, ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সানকিপাড়া, আকুয়া, গোলকিবাড়ী, বলাশপুর, চরপাড়া, খাগডহর, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জেলা স্কুল মোড় ও কেওয়াটখালীসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো হাঁটুসমান পানিতে তলিয়ে যায়। ড্রেন উপচে নোংরা পানি সড়কে ছড়িয়ে পড়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। বিশেষ করে চরপাড়া এলাকায় হাসপাতালগামী অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচল ব্যাহত হয়।

চরপাড়া মোড়ের ভুক্তভোগী সাদ্দাম হোসেন বলেন, ‘অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে কয়েকশ মিটার রাস্তা পার হতে আমার এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। হাসপাতালে পানি ঢুকে পড়ায় রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।’

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, শহরের খাল দখল, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা এবং চলমান উন্নয়নকাজের ধীরগতির কারণে প্রতি বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি হচ্ছে।

সানকিপাড়া এলাকার ব্যবসায়ী আবু সাঈদ বলেন, ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। নিয়মিত কর দিলেও আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।

জলাবদ্ধতা নিরসনে ২০২১ থেকে ২০২৫ অর্থবছর পর্যন্ত ৬২৯ কোটি টাকা ব্যয়ে ৩২২ কিলোমিটার ড্রেন নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রকল্পের মাত্র ৫৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ইয়াজদানী কোরাইশী কাজল বলেন, পরিকল্পনাহীন ড্রেন নির্মাণের ফলে নগরবাসী এর সুফল পাচ্ছে না। প্রয়োজন টেকসই ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা।

অভিযোগের বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার বলেন, ভারী বৃষ্টির কারণে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পানি নামার প্রক্রিয়া চলমান। মূলত বহুতল ভবনের মালিকদের অপরিকল্পিতভাবে ড্রেনে ময়লা-আবর্জনা ফেলার কারণে অনেক স্থানে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

নগরবিদদের মতে, কেবল অস্থায়ী উদ্যোগ নয়, পরিকল্পিত নগরায়ণ, খাল পুনরুদ্ধার, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে ময়মনসিংহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

আরও পড়ুন

×