হাসপাতালে গোখরা সাপ, আতঙ্কে চিকিৎসক-নার্সরা
ম্যাপ
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৭:১২
বর্ষা মৌসুমে সাপে কাটা রোগীদের চিকিৎসায় অ্যান্টিভেনম নিয়ে সর্বদা প্রস্তুত থাকেন চিকিৎসক ও নার্সরা। অথচ এবার খোদ হাসপাতালেই সাপ আতঙ্কে দিন-রাত পার করছেন তারা। গত তিনদিন ধরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি ওয়ার্ডের ওয়াশরুম, জানালার গ্রিল ও মেঝেতে দেখা মিলছে গোখরা সাপের বাচ্চার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রুমা রাহা বলেন, গত চারদিন ধরে আমরা গাইনি ওয়ার্ড ও বাথরুমে গোখরা সাপ নিয়ে খুব আতঙ্কের মধ্যে আছি। ওয়ার্ডে কিলবিল করছে গোখরার বাচ্চা, বাথরুমের দরজা খুললেই সাপের সাথে দেখা হচ্ছে। জানালায় পেঁচিয়ে থাকছে। গত সোমবার একটা দেখেছি, মঙ্গলবার তিনটা দেখেছি। দোতলায় কোথা থেকে এই সাপ আসছে তা বুঝতে পারছি না। বর্তমানে সাপ আতঙ্কে কোথাও আমরা ঠিকমতো কাজে মন বসাতে পারছি না।
লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স শাহানাজ পারভিন বলেন, আমরা সাপ আতঙ্কের মধ্যে আছি। যেখানেই পা ফেলছি সেখানেই মনে হচ্ছে সাপ। সারা রাত কোথাও বসতে পারছি না। গত রাতেও আমরা সাপ আতঙ্কে কোথাও বসতে পারিনি, সারা রাত দাঁড়িয়ে কাটিয়েছি। বাসায় ফিরেও সাপের ভয় পাচ্ছি।
গাইনি ওয়ার্ডে সাপের বিচরণ নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, আমাকে ঘটনাটি জানানো হয়েছে। বর্ষা মৌসুমে এ অঞ্চলে সাপের উপদ্রব বেশি হয়। তবে গাইনি ওয়ার্ডের দোতলার ওয়াশরুমে কীভাবে গোখরা সাপের উপদ্রব হচ্ছে, তা বুঝতে পারছি না। ওয়াশরুমে অনেক সময় ধরে গরম পানি প্রবাহের পরামর্শ দিয়েছি আমি।