ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে পাহাড় ধসে আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ

পানিতে ভেসে যাওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে পাহাড় ধসে আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ
×

ছবি: সমকাল

রাঙামাটি অফিস

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৫:১৯

টানা ভারী বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড় ধসে প্রায় আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে নদী পারাপারের সময় ভেসে গিয়ে নিখোঁজ হওয়া দলমনি চাকমা নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিনের টানা ভারী বর্ষণে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাপছড়ি এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ওপর পাহাড় ধসে পড়ে। খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগের লোকজন মাটি সরানোর চেষ্টা করে। তবে সড়কের এক পাশের মাটি সরানোর পর দুপুর সাড়ে ১২টার দিকে সীমিত পরিসরে যানবাহন চলাচল শুরু হয়।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ি পৌরসভা, জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়ন এবং বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ফারুয়া বাজারসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। 

সড়ক ও জনপথ বিভাগের উপপ্রকৌশলী রনেল চাকমা জানান, সাপছড়ি এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ওপর পাহাড় ধসে পড়েছে। সড়ক থেকে মাটি সরানোর কাজ চলছে। বর্তমানে সড়কের এক পাশে যানবাহন চলাচল করছে। তবে সড়ক থেকে পুরোপুরি মাটি সরাতে একটু সময় লাগতে পারে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, জেলার মোট ২০৪টি আশ্রয়কেন্দ্রের মধ্যে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ৯৭টি আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন মানুষ আশ্রয় নিয়েছেন। 

আরও পড়ুন

×