কোটি টাকার উদ্ধার হওয়া জমিতে হবে ‘কৃষক বাজার’
গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে জেলা পরিষদের জায়গায় উচ্ছেদ অভিযান সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৭:৪১
| প্রিন্ট সংস্করণ
দীর্ঘদিনের বেদখল থেকে অবশেষে মুক্ত হলো জেলা পরিষদের প্রায় দেড় কোটি টাকা মূল্যের মূল্যবান ভূমি। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ব্যস্ততম সালুটিকর বাজারে পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বছরের পর বছর ধরে অবৈধ দখলে ছিল সালুটিকর মৌজার ৩০ শতক জমি। কোনো প্রকার লিজ ছাড়াই এই মূল্যবান জমিতে অবৈধ স্থাপনা তুলে দোকানপাট বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল একটি চক্র। এমনকি রাস্তার গোলচত্বর পর্যন্ত দখল করে সেখানেও বসানো হয় দোকান। অবৈধভাবে গড়ে তোলা হয় সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড ও একটি মিনি পিকআপ স্ট্যান্ডও। এক দিনে মোট ৭টি অবৈধ দোকান এবং দুটি অবৈধ স্ট্যান্ড গুঁড়িয়ে দেওয়া হলো। জমি অবমুক্ত করার পর তাৎক্ষণিকভাবে কাঁটাতারের বেড়া দিয়ে জেলা পরিষদের নিজস্ব দখলে নেওয়া হয়।
জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম জানিয়েছেন, এই স্থানে নির্মিত হবে একটি আধুনিক “কৃষক বাজার” ভবন। এর মূল লক্ষ্য হলো মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকরা যেন সরাসরি নিজেদের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে ভোক্তার কাছে বিক্রি করতে পারেন। তিনি আরও বলেন, শিগগির এই মার্কেটের নির্মাণকাজ শুরু হবে। সরকারি সম্পত্তি রক্ষা ও জনকল্যাণের স্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, এই আধুনিক ও সুপরিকল্পিত মার্কেট শুধু কৃষকরা নয়, উপকৃত হবেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষও। নতুন মার্কেট চালু হলে সালুটিকর বাজারের ব্যবসায়িক গুরুত্ব যেমন বহুগুণে বাড়বে, তেমনি জেলা পরিষদের রাজস্বও বাড়বে।
- বিষয় :
- জমি উদ্ধার