ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঘরের ভেতর সাত ফুট গর্ত আতঙ্কে পঙ্গু বাবা

মাদকাসক্ত ছেলের কাণ্ড

ঘরের ভেতর সাত ফুট গর্ত আতঙ্কে পঙ্গু বাবা
×

 ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৮:২৪

| প্রিন্ট সংস্করণ

ক্ষেতলালে পঙ্গু বাবাকে জীবন্ত মাটিচাপা দিয়ে হত্যার উদ্দেশ্যে ঘরের ভেতর গোপনে কবর খোঁড়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সন্দেহজনক গর্ত দেখে গ্রামবাসী ছেলেকে আটক করলেও পরে তাঁর মা ও বড় বোন মাদকাসক্তির কথা বলে থানায় অভিযোগ করার আশ্বাস দিয়ে তাঁকে নিয়ে যান। গত বুধবার উপজেলার বানিয়াচাপড় গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াচাপড় গ্রামের আব্দুস সালাম (৪৮) পাঁচ বছর আগে গাছ থেকে পড়ে মেরুদণ্ডে গুরুতর আঘাত পান। এরপর থেকে তিনি কোমর ও দুই পা অবশ হয়ে শয্যাশায়ী। তাঁর দেখাশোনার দায়িত্ব ছিল বড় ছেলে মোস্তাকিমের ওপর।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি মোস্তাকিম মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য বাবাকে চাপ সৃষ্টি, গালাগাল, মারধর ও হত্যার হুমকি দেওয়া ছিল নিত্যদিনের ঘটনা। কয়েক দিন ধরে ছেলের আচরণে সন্দেহ হওয়ায় আব্দুস সালাম প্রতিবেশীদের ঘরটি দেখতে বলেন।
ঘর খুলে স্থানীয়রা প্রায় পাঁচ ফুট চওড়া ও সাত ফুট গভীর একটি গর্ত এবং পাশে কাদামাটি ও মাটিভর্তি কয়েকটি বস্তা দেখতে পান। এতে তাদের সন্দেহ হয়, শয্যাশায়ী বাবাকে সেখানে মাটিচাপা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল।

প্রতিবেশী রাজু আহমেদ বলেন, ‘এত বড় গর্ত খোঁড়ার অন্য কোনো যৌক্তিক কারণ আমরা দেখিনি। পাশেই কাদামাটি প্রস্তুত ছিল। বিষয়টি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েন।’
আব্দুস সালাম বলেন, ‘ছেলে প্রায়ই আমাকে হত্যার হুমকি দিত। আমি নিশ্চিত, আমাকে মাটিচাপা দিয়ে হত্যার জন্যই গর্ত খুঁড়েছে। বিষয়টি ধরা না পড়লে হয়তো কেউ আমার খোঁজই পেত না।’
মোস্তাকিমের বড় বোন সুরাইয়া বেগম বলেন, ‘আমার ভাই মাদকাসক্ত। গর্ত খোঁড়ার উদ্দেশ্য বাবাকে হত্যা করা ছিল– এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা থানায় অভিযোগ করব। তদন্তেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুহাম্মদ আব্দুল করিম বলেন, ‘ঘটনার কথা শুনেছি। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, এটি শুধু একটি পারিবারিক ঘটনা নয়, মাদকের ভয়াবহ সামাজিক প্রভাবেরও নির্মম উদাহরণ। মাদকের নেশা কীভাবে একজন সন্তানকে নিজের অসহায় বাবার প্রতিও নিষ্ঠুর করে তুলতে পারে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকাজুড়ে।

আরও পড়ুন

×