এবার দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬০ বার ‘স্যার’ বলে আলোচনায় জৈন্তাপুরের ইউএনও
সিলেট ব্যুরো
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১৮:৪৯
এবার প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে উদ্দেশ্য করে দুই মিনিটের বক্তব্যে ৬০ বার ‘স্যার’ সম্বোধন করেছেন সিলেট জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। জৈন্তাপুর উপজেলার সুধীজনের সঙ্গে মন্ত্রীর ওই মতবিনিময় সভা মঙ্গলবার জামিয়া আরাবিয়া দারুল হাদিস ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
দুইদিন পর উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যের ওই ভিডিও গতকাল বৃহস্পতিবার রাত থেকে ভাইরাল হয়। আজ শুক্রবারও ভিডিওটি বিভিন্ন জনের ফেসবুকের টাইমলাইনে ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি জৈন্তাপুর উপজেলায় যোগদান করেন সুনন্দা রায়।
সভায় স্বাগত বক্তব্য দিতে গিয়ে প্রায় দুই মিনিটের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় প্রতিটি বাক্যেই শুরুতে ও শেষে তিনি মন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। তার বক্তব্যের ভিডিও গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। দেখা দেয় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই এটিকে অতিরিক্ত তোষামোদ হিসেবে মন্তব্য করেন। আবার কেউ সরকারি কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপনের ধরন ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতি নিয়েও প্রশ্ন তোলেন।
এর আগে, গত ২৪ মার্চ রংপুরে এক আলোচনা সভার দুই মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়। দুই মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে উদ্দেশ্য করে ৬০ বার ‘স্যার’ সম্বোধন করেছিলেন রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এনামুল আহসান। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তব্য দিতে গিয়ে সরকারি কর্মকর্তাদের বারবার ‘স্যার’ বলার ভিডিও ভাইরাল হয়।
জৈন্তাপুরে মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সহকারী পরিচালক মুহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।