পন্যবাহী ট্রাকে মিলল ডায়মন্ডের নাকফুল, আটক ২ ভারতীয় নাগরিক
বিজিবির অভিযানে আটক ভারতীয় নাগরিক সমরেশ দাস ও রাম মন্ডল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৪:৫৫
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের চেকপোস্ট থেকে ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ২১৬টি ডায়মন্ডের নাকফুল ও একটি ভারতীয় পণ্যবাহী ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ভোমরা চেকপোস্টে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন—ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানা সদরের সন্তোষ দাসের ছেলে ট্রাকচালক সমরেশ দাস ও মৃত সুধীর মণ্ডলের ছেলে রাম মণ্ডল। গতকাল শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা একটি পণ্যবাহী ট্রাকে ডায়মন্ডের নাকফুল বহন করা হচ্ছে—এমন গোপন খবর পেয়ে বিজিবির একটি টিম সেখানে অবস্থান নেয়। এ সময় ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর থেকে ছেড়ে আসা ১টি রপ্তানি পণ্যবাহী ট্রাক ভোমরা চেকপোস্টে তল্লাশি করে ২১৬টি ভারতীয় ডায়মন্ডের নাকফুল জব্দ করা হয়। একই সাথে ট্রাকের চালকসহ ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়। জব্দকৃত ডায়মন্ডের নাকফুল ও ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।
তিনি আরও বলেন, শুক্রবার দুপুরে আটক দুই ভারতীয় নাগরিককে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে চোরাচালান প্রতিরোধ আইনে একটি মামলা করা হয়েছে।
- বিষয় :
- বিজিবি
- সাতক্ষীরা
- ভারতীয় নাগরিক আটক