ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রামে উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

চট্টগ্রামে উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ
×

প্রতীকী ছবি

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১২:২৫ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ১২:৩৭

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলে বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার সাত্তার মাঝির ঘাটসংলগ্ন বেড়িবাঁধের ব্লকের ফাঁকে মরদেহটি আটকে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে জেলেরা ও কয়েকজন পথচারী উপকূল এলাকায় গেলে ব্লকের ফাঁকে মরদেহটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে। মরদেহটির পরনে কালো রঙের ফুলহাতা টি-শার্ট ছিল।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, জোয়ারের পানিতে ভেসে এসে মরদেহটি বেড়িবাঁধের ব্লকের মধ্যে আটকে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে বিষয়টি আনোয়ারা থানাকে জানানো হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরও পড়ুন

×