ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

সুনামগঞ্জে পাঁচ দিনের বৃষ্টিতে বেহাল গ্রামীণ সড়ক, ঘরবন্দি নিম্নাঞ্চলের মানুষ

সুনামগঞ্জে পাঁচ দিনের বৃষ্টিতে বেহাল গ্রামীণ সড়ক, ঘরবন্দি নিম্নাঞ্চলের মানুষ
×

ছবি- সমকাল

সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১২:৫১

সুনামগঞ্জে টানা পাঁচ দিনের বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকার গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে নিম্নাঞ্চলের হাজারো মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন। 

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীসংলগ্ন পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়নের নিম্নাঞ্চলের বাসিন্দারা। একই অবস্থা দিরাই উপজেলার মার্কুলি এলাকাতেও। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার কোরবাননগর, মোল্লাপাড়া ও লক্ষণশ্রী ইউনিয়নের নিচু এলাকার বহু গ্রামীণ সড়ক পানিতে ডুবে যাওয়ায় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, অনেক সড়ক পানির নিচে থাকায় জরুরি প্রয়োজনেও ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুরমা নদীর পানি ওঠানামা করছে। শুক্রবার সকালে নদীটির পানি বিপদসীমার ৫৬ সেন্টিমিটার নিচে, অর্থাৎ ৭ দশমিক ২৪ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে। ফলে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, কুশিয়ারা নদীর পানি বর্তমানে বিপদসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে, অর্থাৎ ৭ দশমিক ২২ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি বেড়েছে। ইতোমধ্যে অনেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় নিচু এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

আরও পড়ুন

×