কিশোরগঞ্জে পানিতে ডুবে পর্যটক ও কৃষক নিখোঁজ
পর্যটক শফিকুল ইসলাম তুলু ও কৃষক সিরাজ মোড়ল। ছবি- সংগৃহীত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৪:১৮ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ১৫:২৮
কিশোরগঞ্জে পৃথক ঘটনায় নদী ও হাওরের পানিতে ডুবে এক কৃষক ও এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুর দেড়টা পর্যন্ত তাদের কাউকেই উদ্ধার করা যায়নি।
নিখোঁজরা হলেন— পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের সিরাজ মোড়ল (৬০) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার শফিকুল ইসলাম তুলু (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গরুর জন্য ঘাস কেটে ব্রহ্মপুত্র নদ পার হয়ে নৌকায় ফেরার সময় প্রবল স্রোতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন সিরাজ মোড়ল। তিনি বাহাদিয়া নামাবাজার জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
অন্যদিকে, শুক্রবার ২৫ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে নিকলীর হাওর ভ্রমণে যান শফিকুল ইসলাম। দুপুরে দামপাড়া-কাঁঠালিয়া হাওরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান তিনি। তাঁর সঙ্গে থাকা অপর দুই বন্ধু নিরাপদে উঠে এলেও শফিকুলকে আর খুঁজে পাওয়া যায়নি।
দুই ঘটনার পরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে শনিবার দুপুর পর্যন্ত কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদে তীব্র স্রোত ও বালুচরের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ডুবুরিদের একজন অসুস্থ হয়ে পড়লেও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, প্রবল স্রোতের কারণে নিখোঁজ ব্যক্তির মরদেহ দূরে ভেসে যেতে পারে। এ বিষয়ে হোসেনপুর, কাপাসিয়াসহ আশপাশের থানাগুলোকে জানানো হয়েছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, শুক্রবার ভৈরব থেকে আনা ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও শফিকুল ইসলামকে খুঁজে পাওয়া যায়নি। শনিবারও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- নিখোঁজ
- উদ্ধার
- ব্রহ্মপুত্র নদ
- কিশোরগঞ্জ