ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

যে বক্তব্য বিরোধী দলের দেওয়ার কথা, সেই বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

যে বক্তব্য বিরোধী দলের দেওয়ার কথা, সেই বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী
×

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি- সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৫:৫৯ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ১৬:৪২

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘সংসদে বাজেট নিয়ে যে বক্তব্য বিরোধী দলের দেওয়ার কথা, সেই বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন। এটাই বিএনপি সরকার।’

শনিবার দুপুরে পঞ্চগড়ে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল এবং অসহায় মেধাবী শিক্ষার্থী, দরিদ্র-দুঃস্থ ও স্বাস্থ্যকর্মীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর সংসদে এক অভিভূত পরিবেশের সৃষ্টি হয়েছিল। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আসন থেকে উঠে এসে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এটাই বিএনপি, এটাই তারেক রহমানের সরকার।’

তিনি আরও বলেন, সরকারের অনুদান বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় বিবেচনা না করার জন্য জেলা প্রশাসন ও দলীয় নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

×