ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির কাতলা, বিক্রি হলো ৪৬ হাজার টাকায়

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির কাতলা, বিক্রি হলো ৪৬ হাজার টাকায়
×

ছবি: সমকাল

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ২২:৫৪

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের একটি কাতলা মাছ। শনিবার বিকেল পাঁচটার দিকে ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। স্থানীয় কয়েকজন মিলে মাছটি প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা দরে মোট ৪৬ হাজার টাকায় কিনে নিয়েছেন।

স্থানীয়রা জানায়, জেলে মুরাদের নেতৃত্বে কয়েকজন জেলে পদ্মা নদীতে বেড়জাল ফেলে মাছ ধরছিলেন। কয়েক ঘণ্টা পর জালে বড় কিছু আটকা পড়ার আভাস পান তারা। পরে জাল টেনে তুললে বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়ে। জেলেরা জানান, এর আগে তাদের জালে এত বড় কাতলা ওঠেনি।

খবর ছড়িয়ে পড়লে মাছটি একনজর দেখতে নদীর ঘাটে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ। অনেকেই বলেন, এত বড় কাতলা তারা আগে দেখেননি।

পরে ভেড়ামারা উপজেলার বাসিন্দা রিপন আলী ও তার কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নেন। রিপন আলী বলেন, ‘মাছটির ওজন প্রায় ৪০ কেজি। প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা দরে মোট ৪৬ হাজার টাকায় কিনেছি। পরে আমরা নিজেদের মধ্যে মাছটি ভাগ করে নিয়েছি।’

আরও পড়ুন

×