লুডু খেলা নিয়ে কথা কাটাকাটি, হাতুড়ির আঘাতে যুবক নিহত
শাকিল
মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০২:৫৫
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় লুডু খেলা নিয়ে বিরোধের জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে শাকিল (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত শাকিল জালিরচর গ্রামের শাহাজান পন্ডিতের ছেলে। অভিযুক্ত সাইফুল একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে।
স্থানীয়রা জানান, শাকিল ও সাইফুল একসঙ্গে চলাফেরা করতেন। শনিবার বিকেলে তারা লুডু খেলছিলেন। একপর্যায়ে খেলা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে সাইফুল হাতুড়ি দিয়ে শাকিলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
স্থানীয় বাসিন্দা সোহেল তালুকদার জানান, হাতুড়ির আঘাতে গুরুতর আহত শাকিলকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা আরও জানান, ঘটনার পর সাইফুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুল হক বলেন, ‘হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে লুডু খেলা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। আটক সাইফুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
- বিষয় :
- বরিশাল
- হাতুড়ির আঘাত
- নিহত
- গ্রেপ্তার