ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

সাত শিয়াল পিটিয়ে হত্যা: চারজনের বিরুদ্ধে বন বিভাগের মামলা 

সাত শিয়াল পিটিয়ে হত্যা: চারজনের বিরুদ্ধে বন বিভাগের মামলা 
×

ফাইল ফটো

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ২০:১০

বরিশাল নগরীতে সাতটি শিয়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। মামলার এজাহার রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত সেটি গ্রহণ করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, নগরের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকায় শিয়াল হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন। পরে বরিশাল সদর বন কর্মকর্তা আরিফুর রহমান গিয়ে খোঁজখবর নেন। তিনি ৮ জুলাই তদন্ত প্রতিবেদন দেন। রোববার আরিফুর রহমান বাদী হয়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২-এর অধীনে আদালতে মামলা দায়ের করেছেন। 

মামলার সূত্রে জানা যায়, নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম (৩৩), মোহাম্মদ হারিস (৩৬), কামাল কামাল খলিফা (৩২) ও মোহাম্মদ জামাল খলিফাকে (৩২) আসামি করা হয। এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা সাত বন্যপ্রাণীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। বন্যপ্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ। 

উল্লেখ্য, সম্প্রতি নগরের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকায় ২ জুলাই শিয়াল পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে এলাকার একদল ব্যক্তি। পরে মেরে ফেলা এসব শিয়ালের মাংস স্থানীয়দের নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাতে দেখা যায় এক ব্যক্তিকে। এ রকম একটি ভিডিও গত সাত দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, পাঁচটি মৃত শিয়াল মাটিতে পড়ে রয়েছে। পাশেই আরও দুটি শিয়ালের চামড়া ছাড়ানো হচ্ছে। এ সময় লাঠি হাতে থাকা এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘এলাকায় হাঁস-মুরগি ও ছাগল খাওয়ায় শিয়ালগুলো মারা হয়েছে। কারও প্রয়োজন হলে ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকায় এসে শিয়ালের মাংস নিয়ে যেতে পারেন।’

আরও পড়ুন

×