ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

কানে তুলা, হাতে থালা-চামচ নিয়ে শব্দদূষণের প্রতিবাদ

কানে তুলা, হাতে থালা-চামচ নিয়ে শব্দদূষণের প্রতিবাদ
×

শব্দদূষণের প্রতিবাদ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ২২:৪৫

কানে তুলা, হাতে থালা-চামচ বাজিয়ে শব্দদূষণের প্রতিবাদ জানালেন কলেজশিক্ষক নুরুজ্জামান। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নালিতাবাড়ী শহরে প্রায় ১০ মিনিট এই কর্মসূচি পালন করেন।

নুরুজ্জামান নালিতাবাড়ী শহরের হাজী নুরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক। কর্মসূচি পালনকালে তার গলায় ছিল ‘শব্দদূষণ বন্ধ চাই, নিরাপদ পৃথিবী চাই’ লেখা একটি ব্যানার। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আবারও থালা-চামচ বাজিয়ে শব্দদূষণ রোধের দাবি জানান তিনি।

শিক্ষক নুরুজ্জামান বলেন– বিয়ে, খতনা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও ডিজে সাউন্ড বাজানো হচ্ছে। এতে শিক্ষার্থী, রোগী, বয়স্কসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। চলমান এইচএসসি পরীক্ষার সময়ও উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহারে পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। শব্দদূষণ মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। এই বিষয়ে আইন প্রয়োগে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে নুরুজ্জামান একাই কর্মসূচি পালন করলেও পরে কয়েকজন পথচারী ও স্থানীয় ব্যবসায়ী তার সঙ্গে সংহতি প্রকাশ করেন। তাদেরও অভিযোগ, দীর্ঘদিন ধরে রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহারে ভোগান্তি হচ্ছে।

কর্মসূচি শেষে শব্দ দূষণ রোধে ছয় দফা সুপারিশ সংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেন শিক্ষক নুরুজ্জামান। এতে রাত ১০টার পর উচ্চ শব্দে মাইক বাজানো বন্ধ, আবাসিক এলাকাকে ‘সাইলেন্স জোন’ হিসেবে চিহ্নিত করা, ডেকোরেটর ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের জবাবদিহিতার আওতায় আনা এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানানো হয়।

জানতে চাইলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মালেক জানান, স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শব্দদূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×