ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ইসলামপুরে এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

ইসলামপুরে এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ
×

রোববার দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। ছবি-সমকাল

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ০২:২৫

জামালপুরের ইসলামপুরে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলন ডেকে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে। তবে ঘটনার পর তিন দিন অতিবাহিত হলেও মামলা হয়নি।

গতকাল রোববার ইসলামপুর পৌরসভার ধর্মকুড়া এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে নিজেকে ‘নির্দোষ’ দাবি করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। সেই সঙ্গে গাড়ি ভাঙচুরের ঘটনায় পাল্টা অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়ায় দলের একটি পক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। তাঁর ভাষ্য, আন্দোলন-সংগ্রামে মাঠে থাকায় গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন। গায়েবি মামলায় হয়রানির শিকার হয়েছেন। কিন্তু এখন তাঁর বিরুদ্ধেই দল থেকে ষড়যন্ত্র করা হচ্ছে।

উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুরে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। তিনি বলেন, দলীয় ব্যানারে সংবাদ সম্মেলন ডেকে দলীয় পদ থেকে তাঁর বহিষ্কারের দাবি করা হয়েছে। অথচ তিনি একজন নির্যাতিত ও পরীক্ষিত নেতা। তাঁর স্ত্রীর বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন দাবি করে সাধারণ সম্পাদক বলেন, তাঁর সঙ্গে সংসদ সদস্যের কোনো মতবিরোধ বা দলীয় নেতাকর্মীদের কোনো কোন্দল নেই। দলের একটি পক্ষ নিজেরা লাভবান হতে দলের মধ্যে কোন্দল ও বিরোধের চেষ্টায় লিপ্ত।

এর আগে গত শনিবার রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়। এতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজম উদ্দৌলা পাহলোয়ান বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় বিএনপির কিছু লোক ইসলামপুর ডাকবাংলো প্রাঙ্গণে ঢুকে বিএনপি নেতা নবাব ও সংসদ সদস্যের গাড়ি ভাঙচুর করে।

ইসলামপুর থানার ওসি মিজানুর রহমানের ভাষ্য, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দুটি গাড়ি ভাঙচুরের ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×