টানা বৃষ্টিতে বেলাবোতে মাটির ঘর ধস, নিহত ১
টানা বৃষ্টিতে ভেঙে পড়া মাটির ঘর। ছবি- সমকাল
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৬:০৪
টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে নরসিংদীর বেলাবো উপজেলার বিভিন্ন এলাকায় মাটির ঘর ধসে পড়ার ঘটনা ঘটছে। এতে রওশোনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। উপজেলার লাল মাটির অঞ্চলে ঘরে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দি কালিয়ারমোড় গ্রামের রওশোনা বেগম (৭০) নিজ ঘরে থাকা অবস্থায় মাটির দেয়াল ধসে চাপা পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অপরদিকে, একই ইউনিয়নের পাহাড় উজিলাব গ্রামের বাসিন্দা হারুন মিয়ার মাটির বসতঘর টানা বৃষ্টিতে ধসে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র ও গৃহস্থালির অন্যান্য মালামাল মাটির নিচে চাপা পড়ে নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে পরিবারটি আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।
শুধু আমলাব ইউনিয়ন নয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নেও মাটির ঘর ধসে পড়ার খবর পাওয়া গেছে। কোথাও বসতঘর আংশিক, আবার কোথাও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। টানা বৃষ্টি অব্যাহত থাকায় ঝুঁকিপূর্ণ মাটির ঘরে বসবাসকারী পরিবারগুলো চরম উদ্বেগে রয়েছে। পাহাড়ি লাল মাটির অঞ্চল হওয়ায় এ এলাকার অধিকাংশ বসতবাড়ি মাটির। ফলে টানা বৃষ্টিতে ঘরের দেয়াল নরম হয়ে ধসে পড়ছে।
আমলাব গ্রামের বাসিন্দা গোলাপ মিয়া বলেন, আমাদের এলাকার অধিকাংশ বাড়িই মাটির। কয়েক দিনের টানা বৃষ্টিতে দেয়াল নরম হয়ে যাচ্ছে। কখন যে কার ঘর ধসে পড়ে, সেই আতঙ্কে দিন কাটছে।
ধুকুন্দি গ্রামের বাসিন্দা সুমন রাজ বলেন, বেলাবোর লাল মাটির অঞ্চলে এখনও অনেক মানুষ মাটির ঘরে বসবাস করেন। অতিবৃষ্টিতে এসব ঘর ধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা বাড়ছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি ঐতিহ্যবাহী মাটির ঘর সংরক্ষণেও সরকারি উদ্যোগ প্রয়োজন।
আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হাসান জানান, ক্ষতিগ্রস্ত দুই পরিবারের তালিকা প্রস্তুত করে উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন জানান, ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহে ইউনিয়ন পরিষদকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি নিজেও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।
নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত এবং ঝুঁকিপূর্ণ ঘরে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন, নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ মাটির ঘরে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
- বিষয় :
- টানা বর্ষণ
- বৃষ্টিপাত
- নিহত