ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

টাঙ্গাইলে জাল টাকা লেনদেনের দায়ে ১০ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলে জাল টাকা লেনদেনের দায়ে ১০ বছরের কারাদণ্ড
×

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৯:২২

টাঙ্গাইলে জাল টাকা লেনদেনের দায়ে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ওয়াজউদ্দিন (৪৮) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর গ্রামের আছর উদ্দিনের ছেলে।

টাঙ্গাইলের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, ২০২১ সালের ২৭ জুন সকালে ওয়াজউদ্দিন একটি দোকান থেকে চার বোতল কোমল পানীয় কিনে মূল্য পরিশোধের জন্য এক হাজার টাকার একটি নোট দেন। দোকানদারের নোটটি সন্দেহজনক মনে হলে তিনি উপস্থিত লোকজনকে দেখান। পরে তারা নোটটি জাল বলে সন্দেহ করলে দেলদুয়ার থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওয়াজউদ্দিনকে আটক করে। তার দেহ তল্লাশি করে আরও চারটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এ ঘটনায় দেলদুয়ার পশ্চিমপাড়া গ্রামের দোকানদার জয়েন উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দেলদুয়ার থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২২ সালের ২ মার্চ তদন্ত কর্মকর্তা ওয়াজউদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

×