ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ
×

ছবি: সমকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ২০:৪০ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ২০:৫৮

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়ে এবং শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় দুর্ঘটনার শিকার হয়। ট্রেনটির পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় রাজশাহী, পঞ্চগড়, লালমনিরহাট, চিলাহাটি ও উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ট্রেনগুলোকে বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়।

রেলওয়ে সূত্র জানায়, মুলাডুলি স্টেশনে বনলতা এক্সপ্রেস, আব্দুলপুর রেলওয়ে জংশনে রূপসা এক্সপ্রেস এবং ঈশ্বরদী বাইপাস স্টেশনে লালমনি এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন দীর্ঘ সময় আটকে ছিল। এতে বিভিন্ন ট্রেনের শত শত যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। 

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, একতা এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। বিকেলেই উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

উদ্ধারকারী দলের সদস্যরা জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

আরও পড়ুন

×