ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

কক্সবাজারে বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, দেড় হাজার ত্রাণ বিতরণ

কক্সবাজারে বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, দেড় হাজার ত্রাণ বিতরণ
×

ছবি: সমকাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ২১:০৩

টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় দেড় হাজারেরও বেশি মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সংগঠনটি।

জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুর্গত এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং পানিবন্দী মানুষের হাতে খাদ্য ও জরুরি প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।

ত্রাণ বিতরণকালে রাকিবুল ইসলাম বলেন, দুর্যোগ-দুর্বিপাকে ছাত্রদল সবসময় মানুষের পাশে থেকেছে। কক্সবাজারে ভারী বর্ষণ ও পাহাড়ধসের পর থেকেই সংগঠনের নেতাকর্মীরা খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দুর্গত মানুষের সহায়তায় কাজ করছেন এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি জানান, স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের আরও উৎসাহিত করা এবং চলমান মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতেই তিনি নিজে এ উদ্যোগে অংশ নিয়েছেন। মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

ছাত্রদল সভাপতি আরও বলেন, দেশের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় সংগঠনের নেতাকর্মীরা ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন। তিনি মনে করেন, শুধু সরকারের একার পক্ষে এত বড় দুর্যোগ মোকাবিলা করা কঠিন। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকেও দুর্গত মানুষের পাশে এগিয়ে আসতে হবে। দুর্যোগ শেষ না হওয়া এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে না আসা পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীদের সাধ্যমতো মানুষের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ফাহিম, সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ারসহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×