৬ ঘণ্টা পর স্বাভাবিক উত্তরাঞ্চলের রেল যোগাযোগ
উদ্ধার কাজের সময়। ছবি- সমকাল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ২২:১৬ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ২২:৩৮
পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৬ ঘণ্টা উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকার পর সোমবার রাত ৯টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনার কারণে বাইপাস স্টেশন এলাকায় ট্রেনগুলোকে ধীরগতিতে চলাচল করতে হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় এর পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর রাজশাহী, পঞ্চগড়, লালমনিরহাট, চিলাহাটি ও উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। এতে শত শত যাত্রীকে ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত দুর্ভোগ পোহাতে হয়।
রেলওয়ে সূত্র জানায়, মুলাডুলি স্টেশনে বনলতা এক্সপ্রেস, আব্দুলপুর রেলওয়ে জংশনে রূপসা এক্সপ্রেস, ঈশ্বরদী বাইপাস স্টেশনে লালমনি এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন দীর্ঘ সময় আটকে ছিল। এছাড়া ঢাকা থেকে প্রায় ৭ ঘণ্টা বিলম্বে ছেড়ে আসা আন্তঃনগর বুড়িমারি এক্সপ্রেস মাঝগ্রাম স্টেশনে পৌঁছে আরও প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করে।
রাজশাহী রেলওয়ের সিনিয়র টিটিই (টিকিট পরিদর্শক) আব্দুল আলীম বিশ্বাস মিঠু জানান, সোমবার রাত ৯টা ৪০ মিনিটে বুড়িমারি এক্সপ্রেস চলাচল শুরু করার মধ্য দিয়ে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এরপর রাত ১০টার পর থেকে বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো পর্যায়ক্রমে রাজশাহী, চিলাহাটি ও অন্যান্য গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।
- বিষয় :
- ট্রেন চলাচল