বন্যাদুর্গত এলাকায় সাপ আতঙ্ক
শৈবাল আচার্য্য, চট্টগ্রাম
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৮:০১
ভারী বর্ষণে বাড়িতে উঠে যায় পানি। পানির সঙ্গে আসে চারপাশের ময়লা-আবর্জনা। পানি ও ময়লা সরাতে কাজ করছিলেন চট্টগ্রামের বোয়ালখালীর বাসিন্দা সুমন চৌধুরী। হঠাৎ তাঁর পায়ে কামড় দেয় বিষধর সাপ। দ্রুতই সাপটিকে চলে যেতে দেখে চিৎকার করে লুটিয়ে পড়েন তিনি। গত শনিবার রাতে উপজেলার খরণদ্বীপের কেরানীবাজারে ঘটে এ ঘটনা। স্বজনরা সুমনের ক্ষতস্থান বেঁধে নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসায় সুস্থ হয়ে গতকাল সোমবার বাড়ি ফিরেছেন তিনি।
চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বন্যার পানির সঙ্গে বেড়েছে সাপের উপদ্রব। সুমন চৌধুরীর মতো বহু মানুষ ভর্তি হয়েছেন হাসপাতালে। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, সাপের কামড়ে জেলার ছয় এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি আহত হচ্ছেন।
চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসন থেকে সমকালের সংগ্রহ করা তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ৫ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ১৫ উপজেলায় সাপের কামড়ে আহত হয়েছেন ৯৬ জন। চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকায় আহত হয়েছেন অন্তত ২০ জন। সবচেয়ে বেশি মানুষ আহত হয়েছেন বোয়ালখালীতে, ২৩ জন। এ ছাড়া পটিয়ায় ১৮ জন, বাঁশখালীতে ১৩ জন, রাউজানে ৯ জন, হাটহাজারীতে ৯ জন ও সাতকানিয়ায় ছয়জন আহত হয়েছেন। আনোয়ারা ও রাঙ্গুনিয়ায় পাঁচজন করে এবং চন্দনাইশ ও লোহাগাড়ায় তিনজন করে আহত হয়েছেন। তালিকার বাইরেও বেশ কয়েকজন ব্যক্তি সাপের কামড়ে আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আশরাফুল। গত শুক্রবার রাতে টিউশন শেষে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল সংলগ্ন সড়কে বিষধর সাপের কামড়ে আহত হন তিনি। তাঁকে শুরুতে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অ্যান্টিভেনম থাকলেও পূর্ণাঙ্গ চিকিৎসার সুবিধা পাওয়া যায়নি। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে এক ডোজ অ্যান্টিভেনম দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গতকাল বাসায় ফিরেছেন।
চট্টগ্রাম নগরী সুন্নিয়া মাদ্রাসা এলাকার মমতা ভবনের পাশেই রয়েছে বিশাল খাল। টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় পুরো এলাকা তলিয়ে যায়। ভবনটির নিচতলা দিয়ে হেঁটে যাওয়ার সময় গত বুধবার দুপুরে পানিতে অজগর সাপ দেখতে পান মাদ্রাসা শিক্ষার্থী সামিয়া রহমান। তাঁর চিৎকারে ভবনের দারোয়ানসহ কয়েকজন এসে সাপটি উদ্ধার করেন।
এ ঘটনায় কেউ আহত না হলেও স্থানীয়দের মনে সাপ আতঙ্ক দেখা দিয়েছে বলে জানান সামিয়া রহমান। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘প্রতিদিনের মতো বাসা থেকে নিচে নেমেছিলাম। হঠাৎ দেখি বড় একটি সাপ কোনায় মাথা
উঁচু করে আছে। সেই ভয়ে দুদিন আর নিচে
নামিনি। আশপাশের আরও কয়েকটি জায়গায় সাপ দেখতে পেয়েছেন বাসিন্দারা। তাই সবার মাঝে ভয় কাজ করছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কয়েক দিন ধরে সাপের উপদ্রব বৃদ্ধিকে আশঙ্কাজনক হিসেবে বর্ণনা করেন চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা। তিনি বলেন, সাপের কামড়ে একজন শিক্ষার্থী আহতও হয়েছেন। বেশির ভাগ শিক্ষার্থী শহরে ও ক্যাম্পাসের আশপাশে টিউশনি করেন। যে কারণে ফিরতে রাত হয়। এই অবস্থায় সবাই সাপের কামড়ে আহত হওয়ার আতঙ্কে আছেন।
বন্যা শুরুর পর থেকে প্রতিদিনই সাপের কামড়ে আহত হয়ে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী আসছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা। তাঁর ভাষ্য, আহত ব্যক্তিরা জানিয়েছেন, ছোট-বড় আকারের নানা প্রজাতির সাপ তাদের কামড়েছে। এই অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম মজুত বাড়ানো হয়েছে।
সাপ ও বন্যপ্রাণী সংরক্ষণবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ডব্লিউএসআরটিবিডির চট্টগ্রামের প্রতিনিধি আল ইমরানের দেওয়া তথ্যমতে, অবিরাম বৃষ্টির মধ্যে বোয়ালখালী, হাটহাজারীসহ বেশকিছু এলাকা থেকে বিষধর বিভিন্ন সাপ উদ্ধার করেছেন তারা। এর মধ্যে শঙ্খিনী, অজগর, গোখরা, পদ্মগোখরা, কালাচ, দুধরাজও রয়েছে। বসতঘরের ভেতরেও সাপ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, বাঁশখালী, পটিয়া, সাতকানিয়াসহ কয়েকটি এলাকায় অতি ভারী বর্ষণে বেশি বন্যা হয়েছে। এতে আশঙ্কাজনকভাবে বেড়েছে সাপের আনাগোনা। বেশকিছু জায়গায় থেকে নানা আকারের সাপ উদ্ধারও হয়েছে। সাপের কামড়ে আহত ব্যক্তিদের চিকিৎসায় সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখা হয়েছে। যাবতীয় বিষয় তদারকির জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।
এ প্রসঙ্গে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, পানির পাশাপাশি ঘরের কোনায়, বাসাবাড়ির সামনে, জমে থাকা ময়লা-আবর্জনা, রান্নাঘরসহ বিভিন্ন জায়গায় সাপ দেখা যাচ্ছে। এরই মধ্যে সাপের কামড়ে অনেকে আহত হয়েছেন। সবার চিকিৎসাসেবা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
- বিষয় :
- সাপ