গোপালগঞ্জে বাবাকে গলাকেটে হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি:সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৫:৩৪ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১৬:৫৮
গোপালগঞ্জে বাবাকে গলাকেটে হত্যা মামলায় ছেলে আলীম কাজীকে (২৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আলীম কাজী গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের মৃত ইসমাইল কাজীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, আলীম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ২০২৩ সালের ১২ মে মাদক সেবন করে বাড়িতে এসে ভাঙচুর শুরু করলে তার বাবা ইসমাইল কাজী বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে আলীম বাবাকে হত্যার হুমকি দিয়ে চলে যান। পরদিন সকালে বাড়ির পাশে আখ পরিষ্কার করার সময় ধারাল বটি দিয়ে বাবার গলায় কোপ দেন আলীম। গুরুতর আহত অবস্থায় ইসমাইল কাজীকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ছেলে সেলিম কাজী গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আলীম কাজীকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাভোকেট এম এম জুলকদর বলেছেন, এ রায়ে আমার মক্কেল সন্তুষ্টি প্রকাশ করেছে।
আসামী পক্ষের আইনজীবী অ্যাড. আবু তালেব শেখ বলেন, এ কোর্টে আমরা ন্যায় বিচার পাইনি। তাই আমরা ন্যায় বিচার পেতে উচ্চ আদলতে আপিল করব।
- বিষয় :
- বাবাকে হত্যা
- যাবজ্জীবন কারাদণ্ড
- আদালত
- গোপালগঞ্জ