চার দাবিতে ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা স্থগিতসহ চার দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। ছবি:সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৬:২০ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১৬:২৮
চলমান বন্যা পরিস্থিতি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা স্থগিতসহ চার দফা দাবিতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরের টাউন হল মোড়ে বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। দুপুর আড়াইটা পর্যন্ত সমাবেশ শেষে বিকেল ৪টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ায় তাদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত পরীক্ষা না নেওয়ার দাবি জানান তারা।
তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে— স্বাভাবিক পরিবেশে পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্রের অযৌক্তিক মানদণ্ড পরিহার, যৌক্তিক কারণে অনুপস্থিত পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ এবং এইচএসসি-২৬ পরীক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণের দায়ে শিক্ষামন্ত্রীর জবাবদিহি ও পদত্যাগ।
বিক্ষোভকারী শিক্ষার্থী আজহারুল ইসলাম বলেন, বন্যাকবলিত এলাকায় বুকসমান পানি পেরিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া অমানবিক।
শিক্ষার্থী জান্নাত মিম অভিযোগ করেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন না করে কেবল পরীক্ষায় কড়াকড়ি বাড়ানো হয়েছে। সিসিটিভি ও অতিরিক্ত নজরদারি শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়াচ্ছে।
আরেক শিক্ষার্থী জোনায়েদ হাসান বলেন, বিকেল ৪টার মধ্যে দাবি পূরণ না হলে পরদিন পরীক্ষা শেষে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, শিক্ষার্থীদের কর্মসূচির কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে চলে যান।