কক্সবাজারে টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ, ৭ ঘণ্টা পর প্রত্যাহার
টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ২১:২৫
শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে কক্সবাজারে সড়ক অবরোধ করেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। তবে ৭ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন তারা। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন।
এরআগে আজ দুপুর ২টা থেকে শহরের গুনগাছতলা এলাকায় প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। তবে রাত ৮টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের একটি দল কথা তাদের সঙ্গে বলে। প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পরীক্ষা ও শিক্ষাব্যবস্থার বিভিন্ন বিষয়ে নেওয়া সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ।
কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ইয়াসির বলেন, ‘বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও অনেক কষ্ট করে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়নি।’
একই কলেজের শিক্ষার্থী শাহরিয়ার মোহাম্মদ আতিফ বলেন, ‘শিক্ষামন্ত্রীর উচিত পরীক্ষা কঠিন করার চেয়ে, শিক্ষাক্রম উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া।’
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় আশ্বস্ত হয়ে তারা সড়ক অবরোধ তুলে নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।’
- বিষয় :
- কক্সাবাজার
- সড়ক অবরোধ
- প্রত্যাহার