ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

লুকিয়ে রাখা ফোনের ক্যামেরায় ধরা পড়ল দুই মাস বয়সী শিশু নির্যাতন

লুকিয়ে রাখা ফোনের ক্যামেরায় ধরা পড়ল দুই মাস বয়সী শিশু নির্যাতন
×

ছবি: এআই জেনারেটেড

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ২২:৩৬ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ২২:৪৩

নরসিংদীর মাধবদীতে চাচির বিরুদ্ধে দুই মাস বয়সী এক শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিশুটির বাবা কাউসার। 

আজ মঙ্গলবার ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে। ভুক্তভোগী শিশুটি ওই গ্রামের সায়েবা বেগম ও কাউসার মিয়ার সন্তান।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, জন্মের পর থেকেই শিশুটি প্রায়ই অস্বাভাবিকভাবে কাঁদত। এতে শিশুটির মা সায়েবা বেগমের সন্দেহ হয়। কেউ কি তার অনুপস্থিতির সুযোগে শিশুটিকে নির্যাতন করছে, এমন সন্দেহের ভিত্তিতে সম্প্রতি শিশুটির মা ঘরের ভেতরে গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করেন।

অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিশুটির চাচি রত্না বেগম ঘরে ঢুকে ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দিয়ে দৌড়ে চলে যান। পরে শিশুটির মা কান্না শুনে দৌড়ে এসে দেখেন শিশুটি অস্বাভাবিক কাঁদছে।

কাউসার মিয়া বলেন, পারিবারিক কলহের জেরে তাঁর শিশু সন্তানকে বড় ভাইয়ের স্ত্রী রত্না বেগম অগোচরে নির্যাতন করতেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাঁর স্ত্রী ঘরের ভেতর একটি মোবাইল ফোনে ভিডিও অন করে রেখে বাইরে চলে যান। শিশুটি কান্না শুরু করলে দৌড়ে এসে ভিডিওতে দেখেন, ভাইয়ের স্ত্রী রত্না বেগম তাঁর সন্তানের একটি পা সজোরে মুচড়ে দেন। তবে পা ভাঙেনি। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বসে সমাধান করা হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, ভিডিওটি নজরে এলে তিনি ঘটনাস্থলে গিয়ে শিশুটির মা-বাবার সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, শিশুটির পা ভাঙেনি। তবে পারিবারিক কলহের জেরে শিশুটিকে নির্যাতন করা হতো। পরিবার অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×