মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক ও কর্মশালা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ২৩:২৭
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষা জোরদারের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে ‘পেটেন্টস, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার সার্ভিসেস’ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালাও অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নোবিপ্রবির উপাচার্যের কার্যালয়ে সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং ডিপিডিটির পক্ষে স্বাক্ষর করেন মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসাইন।
পরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে ‘পেটেন্টস, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি) সার্ভিসেস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে নোবিপ্রবির গবেষকেরা পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক বিষয়ে সুস্পষ্ট ধারণা অর্জনের সুযোগ পাবেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ে মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের উদ্ভাবনের পেটেন্ট সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে।
তিনি প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং গবেষণাগার ব্যবহারে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সমঝোতা স্মারক শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সরকারের ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে নোবিপ্রবিতে দ্রুতই ‘পেটেন্টস, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি)’ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অফিস, অবকাঠামো ও জনবল গড়ে তোলা হবে।
প্রশিক্ষণ কর্মশালায় উপাচার্য গবেষণায় বুদ্ধিবৃত্তিক সম্পদ (আইপি) সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, গবেষকদের মৌলিক উদ্ভাবন ও গবেষণাকর্ম যেন অন্য কেউ নিজের নামে দাবি করতে না পারে, সে লক্ষ্যেই এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- সমঝোতা স্মারক