বাংলাদেশি সন্দেহে ভারতীয় নারীকে নোম্যান্সল্যান্ডে আটকে রাখার অভিযোগ
বেনাপোল সীমান্ত। ছবি- সংগৃহীত
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০১:১৩
ভারতীয় নাগরিক হয়েও বাংলাদেশি সন্দেহে এক নারীকে প্রায় ১২ ঘণ্টা নোম্যানসল্যান্ডে বসিয়ে রাখার অভিযোগ উঠেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের বিরুদ্ধে।
ওই নারীর নাম লিপিকা পাল (৪৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, লিপিকা পাল গত ১৫ জুন বৈধ ভারতীয় পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। আত্মীয়স্বজনের বাড়িতে ২৭ দিন অবস্থান শেষে ১২ জুলাই দেশে ফেরার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্টে আসেন। বাংলাদেশ অংশে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে দুপুর দেড়টার দিকে তিনি ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে যান। সেখানে টার্মিনাল চার্জ পরিশোধ করে পাসপোর্ট জমা দিলে কর্তব্যরত কর্মকর্তা তাকে বাংলাদেশি নাগরিক দাবি করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন।
অভিযোগ রয়েছে, এরপর তাকে রাত ১২টা পর্যন্ত পেট্রাপোল ইমিগ্রেশন কার্যালয়ে বসিয়ে রাখা হয়। পরে ভারতীয় অংশের নোম্যানসল্যান্ডে প্যারেড গ্যালারিতে রেখে বাংলাদেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ঝড়-বৃষ্টির মধ্যেই তিনি পুরো রাত সেখানে অবস্থান করেন।
পরদিন ১৩ জুলাই তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হলেও বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও বিজিবি তা প্রত্যাখ্যান করে। পরে দুপুর ১২টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আবার নিজেদের হেফাজতে নিয়ে যায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, রোববার পেট্রাপোল ইমিগ্রেশন থেকে আমাকে জানানো হয়, ওই নারী নাকি বাংলাদেশি এবং তাকে ফেরত নিতে হবে। আমি তাদের জানাই, তিনি ভারতীয় পাসপোর্ট ও ভিসা নিয়ে বৈধভাবে বাংলাদেশে এসেছেন এবং নিয়ম মেনেই ভারতে ফিরছেন। তাকে ফেরত নেওয়ার কোনো এখতিয়ার আমাদের নেই।
- বিষয় :
- বেনাপোল বন্দর
- ইমিগ্রেশন
- ভারতীয় বংশোদ্ভূত