কোনো মানুষ যেন ক্ষুধার্ত না থাকে: রিজভী
ছবি- সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০২:০৭
পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, কোনো মানুষ যেন ক্ষুধার্ত না থাকে। সব অসহায় মানুষের কাছে যেন ত্রাণ পৌঁছায়। মঙ্গলবার বাঁশখালী উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই স্থানীয় প্রশাসন এবং সিভিল সার্জনদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেছেন। এলাকার অবস্থা এবং বন্যার পানির অবস্থা সম্পর্কে তিনি জেনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি পুরো কার্যক্রম মনিটরও করছেন।
ত্রাণ ও চিকিৎসাসেবার বিষয়ে রিজভী জানান, পানিবাহিত যে রোগগুলো হয়, বিশেষ করে চর্মরোগ, আমাশয় ইত্যাদি, এই সমস্ত রোগ নিরাময়ের জন্য তিনি সিভিল সার্জন এবং অন্যান্য চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে বন্যাকবলিত গ্রামগুলোতে, বাড়িঘরে মানুষের কাছে যাতে ওষুধ পৌঁছায় এবং খাবার পৌঁছায়।
এসময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, পুলিশ সুপার মাসুদ আলম সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ত্রাণ বিতরণ
- রুহুল কবির রিজভী