ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

এআই দিয়ে ওসিকে নিয়ে ভুয়া ছবি, স্কুলছাত্র আটক

এআই দিয়ে ওসিকে নিয়ে ভুয়া ছবি, স্কুলছাত্র আটক
×

ছবি- সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৪:২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকমল চন্দ্র দেবনাথের চেয়ার ও অফিসকক্ষের আদলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি একটি ভুয়া ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি সুকমল চন্দ্র দেবনাথ।

আটক ছাত্র (১৫) নাচোল উপজেলার মহিপুর এস এম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা যায়, ‘চাঁপাইয়ের ছেলে’ নামে একটি ফেসবুক পেজে সোমবার দুপুরে একটি ছবি পোস্ট করা হয়। ছবিতে দেখা যায়, নাচোল থানার ওসির নেমপ্লেট ও লোগোসংবলিত একটি কক্ষে এক যুবক ওসির চেয়ারে বসে টেবিলের ওপর দুই পা তুলে রেখেছেন। তাঁর দুই পাশে কয়েকজন পুলিশ সদস্যকে জোড় হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। বিষয়টি প্রশাসনের নজরে এলে তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযান চালিয়ে ওই ছাত্রকে আটক করা হয়।

ওসি সুকমল চন্দ্র দেবনাথ বলেন, ‘আমার থানায় এ ধরনের কোনো চেয়ার বা পরিবেশ নেই। ছবিটি সম্পূর্ণ কৃত্রিমভাবে (এআই জেনারেটেড) তৈরি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ প্রশাসনকে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর ও ব্যঙ্গাত্মক ছবি তৈরি ও প্রচার আইনগতভাবে অপরাধ।’ তিনি আরও জানান, আটক শিক্ষার্থীকে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

আরও পড়ুন

×