কোরবানির পাঁচ দিনের পশুর হাট দেড় মাস ধরে বহাল
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারে অস্থায়ী হাট সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৮:০১
| প্রিন্ট সংস্করণ
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারে অস্থায়ী পশুর হাটটি গত ঈদুল আজহায় পাঁচ দিনের জন্য ইজারা দিয়েছিল উপজেলা প্রশাসন। কিন্তু অস্থায়ী পশুর হাট নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার দেড় মাসেও বন্ধ হয়নি। বরং আওয়ামী লীগ নেতা, ইউপি চেয়ারম্যানের মদতে হাসিল আদায় করছেন সাবেক ইউপি সদস্যসহ কয়েকজন। দিচ্ছেন নিয়মিত রসিদও। যা নিয়ে পাশের স্থায়ী পশুর হাটের ইজারাদাররা ক্ষুব্ধ। সরকার রাজস্ব হারানোর পাশাপাশি বৈধ পশুর হাটের ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলেও দাবি করেন তারা।
জানা গেছে, গত ২১ মে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈদুল আজহা উপলক্ষে চিকনাগুল বাজারে পাঁচ দিনের জন্য অস্থায়ী পশুর হাট হিসেবে ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেন। শর্ত অনুযায়ী ২৪ থেকে ২৯ মে পর্যন্ত হাটে পশু বেচাকেনার অনুমতি দেওয়া হয়। চিকনাগুল ইউপি সদস্য মসদ্দর আলীর ছেলে ইকবাল হোসেনের নামে হাটটি ইজারা নেন স্থানীয় জনপ্রতিনিধিসহ বাজার কমিটির কয়েকজন লোক। মেয়াদ শেষ হলেও ঈদের পরে হাট অব্যাহত রাখেন আগের ইজারার সঙ্গে সংশ্লিষ্টরা। এর নেপথ্যে রয়েছেন স্থানীয় চিকনাগুল ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান চৌধুরী। তাঁর নির্দেশনায় পরিষদের সাবেক মেম্বার কামাল আহমদসহ কয়েকজন হাসিল আদায় করছেন। হাসিলের রসিদে কামালের নাম ও মোবাইল নম্বর দেখা গেছে।
অভিযোগ উঠেছে, বাজারের অস্থায়ী পশুর হাটটি অব্যাহত রাখার কারণে চোরাই পথে আসা পশুর একটি অংশ সেখানে বিকিকিনি হচ্ছে। আলীরগাঁও ইউনিয়নের পশু ব্যবসায়ী আব্দুল জলিল জানান, মহাসড়কের পাশে বাজার হওয়ায় ভারতীয় পশু সহজেই বিক্রি করা যায়। এ কারণেই ব্যবসায়ীরা সেখানে নিয়ে আসেন। নির্ধারিত ইজারা মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে বাজারটি বৈধ নয় বলে জানান তিনি।
ঈদে পশুর হাটের ইজারা পাওয়া ইকবাল হোসেন প্রবাসে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। কামাল মেম্বার জানান, হাট পরিচালনার বিষয়ে তিনি কিছুই জানেন না। রসিদে তাঁর নাম ও মোবাইল নম্বর ব্যবহার প্রসঙ্গে বলেন, পাঁচ দিনের জন্য ইজারা নেওয়ার পর অংশীদাররা আমার নাম ও মোবাইল নম্বর দিয়েছেন। ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিষয়টি দেখভাল করেন বলে তিনি স্বীকার করেন।
বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি উপজেলা আওয়ামী লীগ নেতা ও চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী। তিনি শুধু বলেন, নিউজ করার দরকার নেই।
জৈন্তাপুর ইউএনও সুনন্দা রায়ের ভাষ্য, চিকনাগুল হাটবাজার ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে পরিচালিত হওয়ার বিষয়ে তথ্য পেয়েছেন। এর বৈধতা যাচাই-বাছাই করতে চিকনাগুল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন। এখনও চিঠির জবাব আসেনি। কারা কীভাবে পরিচালনা করছে তা জানার পর ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- পশুর হাট