রায়গঞ্জে খালের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৩:৩৩ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৩:৩৫
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে খালে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের একটি ব্রিজের নিচে খালে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত হোসেন একই গ্রামের নূর আলমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে খালে গোসল করতে নামে আরাফাত। একপর্যায়ে পানির স্রোতে গভীর অংশে তলিয়ে যায় সে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর তাকে খাল থেকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি
- বিষয় :
- পানিতে ডুবে মৃত্যু
- রায়গঞ্জ
- মাদ্রাসাছাত্র