ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে হুমকিতে নদী রক্ষা বাঁধ ও বসতভিটা

কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে হুমকিতে নদী রক্ষা বাঁধ ও বসতভিটা
×

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ভাঙন। ছবি:সমকাল

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৪:৫৮ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৫:০৫

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর এলাকায় পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রায়টা-মহিষকুন্ডি নদী রক্ষা বাঁধ, ফসলি জমি, বসতভিটা ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে।

বুধবার সরেজমিনে দেখা যায়, ফয়জুল্লাহপুর এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে নদীভাঙন শুরু হয়েছে। ভাঙনকবলিত স্থান থেকে নদী রক্ষা বাঁধের দূরত্ব কোথাও মাত্র ৪০ থেকে ৫০ মিটার, আবার কোথাও এর চেয়েও কম।

স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, তীরবর্তী এলাকা থেকে মাটি কেটে নেওয়া, বর্ষা মৌসুমে পদ্মার পানি বৃদ্ধি এবং টানা বৃষ্টির কারণে ভাঙন তীব্র হয়েছে। এরই মধ্যে অনেক ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এখন বসতবাড়িও ঝুঁকির মুখে।

ভাঙনে ক্ষতিগ্রস্ত আফতাবুল সরদার বলেন, পদ্মার ভাঙনে বাড়ির পেছনের অংশ নদীতে চলে গেছে। প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিয়েছি। যেকোনো সময় পুরো বাড়িটিই নদীতে বিলীন হতে পারে।

স্থানীয় ইউপি সদস্য মো. কবিরাজ জানান, নদী রক্ষা বাঁধের পাশে অন্তত ৫০ থেকে ৬০টি বাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে কয়েকটি বাড়ির পেছনের অংশ নদীগর্ভে বিলীন হয়েছে।

জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান বলেন, নদী রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হলে আশপাশের বিস্তীর্ণ এলাকা ঝুঁকিতে পড়বে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, এলাকায় স্থায়ী প্রতিরক্ষা কাজের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে। 

আরও পড়ুন

×