হালুয়াঘাটে ছেলের হাতে বাবা খুন
ফারুক আহমেদ (৩০)। ছবি: সংগৃহীত
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৮:০৪
ময়মনসিংহের হালুয়াঘাটে ছেলের ধারালো দায়ের কোপে মজিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার খন্দকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মজিবুর রহমান উপজেলার সদর ইউনিয়নের খন্দকপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। এ ঘটনায় জড়িত নিহতের ছেলে ফারুক আহমেদকে (৩০) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মজিবুর রহমান নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার ছেলে ফারুক আহমেদ হঠাৎ ধারালো দা দিয়ে তার বাবার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, অভিযুক্ত ছেলেকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- বিষয় :
- ময়মনসিংহ
- হালুয়াঘাট
- বাবাকে কুপিয়ে হত্যা