খাল পুনঃখনন করে চট্টগ্রামবাসীকে বন্যার দুর্ভোগ থেকে মুক্ত করা হবে: ত্রাণমন্ত্রী
ছবি- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৮:১৬ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৮:১৯
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, চট্টগ্রামের খালগুলো পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করে নগরবাসীকে বন্যার দুর্ভোগ থেকে মুক্ত করা হবে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
বুধবার সকালে চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দরনগরী। পাহাড়, নদী, সমুদ্র ও সমতলভূমি সমৃদ্ধ এই নগরীর খালগুলো পুনঃখনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে নগরবাসীকে বন্যার দুর্ভোগ পোহাতে না হয়।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে দ্রুত পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের কার্যক্রম বাস্তবায়ন করবে।
পরে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন ত্রাণমন্ত্রী। সেখানে তিনি ত্রাণ বিতরণে কোনো ধরনের স্বজনপ্রীতি, অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ত্রাণ বিতরণে কোনো ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতি মেনে নেওয়া হবে না। বন্যাদুর্গত মানুষের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা চলবে না। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, তাদের কাছেই ত্রাণ পৌঁছাতে হবে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
দেশের খালগুলো পুনঃখননের বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে যে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন, তার সুফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। দীর্ঘদিন খাল খনন না হওয়ায় অনেক জায়গায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। আমি সরেজমিনে দেখে এসেছি, যেখানে খাল খনন হয়েছে সেখানে পানি নিষ্কাশন অনেকটাই স্বাভাবিক হয়েছে। আগামী শুকনো মৌসুমে খালের বাকি অংশের কাজ সম্পন্ন করতে আমার মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণও করা হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ত্রাণ বিতরণ
- বন্যা
- খাল খনন