ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

গাইবান্ধায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার

গাইবান্ধায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার
×

ম্যাপ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ২০:০২ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ২০:০৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১১ বছরের এক বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্ত হেলাল উদ্দিন ভুক্তভোগীর প্রতিবেশী। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হেলাল উদ্দিন তাকে ১০০ টাকার দেওয়ার কথা বলে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে আরেক প্রতিবেশীর একটি জনশূন্য বাড়িতে নিয়ে যান। সেখানে টিউবওয়েলের পাশের বাথরুমে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।

ওই সময় এক নারী ওই টিউবওয়েলে পানি নিতে গেলে ঘটনাটি দেখতে পান এবং চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে ভুক্তভোগীর আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে অভিযুক্ত হেলাল উদ্দিনকে হাতেনাতে আটক করেন। থানায় খবর দিলে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, প্রতিবেশী হওয়ার সুবাদে হেলাল উদ্দিন প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। সেই সুযোগ নিয়ে তিনি এই জঘন্য কাজ করেছেন। তাঁরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×